বন্যার্তদের পাশে টেলিটক ও বাংলাদেশ ক্যাবল শিল্প সংস্থা

১৪ জুলাই, ২০২২ ১৬:০১  
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য আরও ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ ক‌্যাবল শিল্প সংস্থা লিমিটেডের পক্ষ থেকে এবার ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গত এলাকায়। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকায় টেলিটক সদর দপ্তরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার-এর নিকট টেলিটক‘র ব‌্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন টেলিটকের পক্ষ থেকে বন‌্যার্তদের জন‌্য ১ হাজার প‌্যাকেট ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। একইসঙ্গে আরও ৩ শত প‌্যাকেট ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়েছছে বাংলাদেশ ক‌্যাবল শিল্পের পক্ষ থেকে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব মো: খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। টেলিটক ও বাংলাদেশ ক‌্যাবল শিল্প সংস্থা থেকে সংগৃহীত মোট ১ হাজার ৩শত প‌্যাকেট ত্রাণ সামগ্রী নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় বন‌্যার্ত মানুষদের মধ‌্যে বিতরণের জন‌্য প্রেরণ করা হচ্ছে। প্রতি প‌্যাকেট ত্রাণ সামগ্রীর মধ‌্যে রয়েছে ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি মশুর ডাল, সয়াবিন তেল আধা লিটার, দুইশত পঞ্চাশ গ্রাম রসুন এবং আধা কেজি লবণ। এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ‌্যোগে বিটিসিএল, টেশ্সিসহ অধীনস্থ বিভিন্ন সংস্থা ও অন‌্যান‌্য সংস্থা থেকে ৯ হাজার ৬ শত ১ প‌্যাকেট ত্রাণ সামগ্রী পাঠানো হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ‌্যোগে প্রেরিত এই সব ত্রাণ সামগ্রী নেত্রকোণা জেলার খালিয়াজুরী, মোহনগঞ্জ ও মদন এবং সুনামগঞ্জ জেলার শাল্লায় বন‌্যার্তদের মধ‌্যে বিতরণ করা হয়। উল্লেখ্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার-এর নির্দেশে হাওরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু হয়। আরও উল্লেখ্য যে টেলিযোগাযোগ বিভাগ হাওর এলাকায় ফিক্সড ফোন, মোবাইল নেটওয়ার্ক ও জরুরি সেবা সচল করা ছাড়াও স্যাটেলাইট হাব স্থাপন করেছে। বন‌্যার্তদের জন‌্য বন‌্যা উত্তর পুনর্বাসনের জন‌্যও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কাজ করবে বলে বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।